ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পশুর হাটে গরু রাখার জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মো: শাহ আলম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

উপজেলার বাদৈর ইউনিয়নের আলীনগর গ্রামের পশুর হাটে এই সংঘর্ষ হয়। নিহত শাহ আলম কসবা উপজেলার শ্যামবাড়ি গ্রামের মো: ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলমগীর ভূইয়া ও কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে আলীনগর গ্রামে অস্থায়ী পশুর হাট বসে। ওই হাটে গরু রাখার জায়গা নিয়ে শ্যামবাড়ি গ্রামের শাহ আলম ও আনোয়ার হোসেনের সাথে পাশের এলাকা মান্দারপুর গ্রামের মাহবুব ও বায়জিদের বাকবিতন্ডা হয়। এতে গুরুতর আহত হন শাহ আলম। আহত শাহ আলমকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতের বেলা চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম মারা যান।

এ ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ মো: আলমগীর ভূইয়া বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ একজনকে গ্রেফতার করেছে।