কাজিপুর পৌরসভার মেয়র কর্তৃক স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি এবং সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুসহ একাধিক সাংবাদিকের সাথে অশালীন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় মেয়র আব্দুল হান্নান তালুকদারের অপসারণ দাবি করেন সাংবাদিক নেতৃবৃন্দ।

রোববার বিকেলে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার নিজ নামে কৃষি প্রণোদনা নিয়েছেন। এ বিষয়ে সংবাদ প্রকাশ করাতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং স্থানী পত্রিকা দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর সাখে অশালীন আচরণ করেছেন।

সাংবাদিক নেতারা বলেন, আমরা সমাজে নির্যাতিত মানুষের কথা বলি। ন্যায়ের পথে থেকে অন্যায়ের প্রতিবাদ করি। অন্যায় ও দুর্নীতি তুলে ধরি। আর দূর্নীতির তথ্য তুলে ধরলে যদি আমাদের ওপর হুমকি আসে সেটা সাংবাদিক সমাজ কখনো মেনে নেবে না।

কাজিপুর পৌর মেয়রের অপসারণ দাবি করে বক্তারা বলেন, অবিলম্বে মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সাংবাদিকরা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হীরক গুণের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, অর্থ সম্পাদক দিলীপ গৌড়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু, সাহিত্য পাঠাগার সম্পাদক আইয়ুব আলী, কার্যনির্বাহী সদস্য বাবু ইসলাম, ফেরদৌস রবিন, দৈনিক যমুনা প্রবাহর সম্পাদক মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক হারুন-অর রশিদ খান হাসান, ইসমাইল হোসেন প্রমুখ। এ সময় সিরাজগঞ্জের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শুক্রবার স্থানীয় আজকের সিরাজগঞ্জ পত্রিকায় ‘কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জেরে ওই দিন গভীর রাতে স্থানীয় সাংবাদিক গোলাম কিবরিয়াকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়াও তিনি স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুসহ আরো একজন স্টাফ রিপোর্টারের সাথে ফোনে অকথ্য ভাষায় অশালীন আচরণ করেন।