বাগেরহাটের চিতলমারীতে শসার আবাদ যেমন ভালো হয়েছে তেমনি বাজার ও ভালো থাকায় খুশি চাষিরা। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় স্থানীয় চাষিরা শসা চাষে ঝুঁকছেন। কিন্তু শসা নিয়ে বিপাকে পড়তে হচ্ছে ব্যাপারীদের। তারা চাষিদের কাছ থেকে সংগ্রহ করা শসা পরিবহন সঙ্কটের কারণে ঠিক সময়ে বাজারজাত করতে না পারায় লোকসানের শঙ্কা করছে তারা।
ব্যাপারীদের দাবি, দ্রুত এ সমস্যা নিরসন না হলে চাষিদের এ খুশি কান্নায় পরিণত হবে। এভাবে চলতে থাকলে তার প্রভাব চাষিদের ওপরও পড়বে।
চিতলমারী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অসীম দাশ জানান, চলতি মৌসুমে এ উপজেলায় মোট তিন হাজার ২০৩ একর জমিতে সবজি আবাদ হয়েছে। এর মধ্যে এক হাজার ৫৫৩ একর জমিতে শসা ও ৫০৮ একর জমিতে আবাদ হয়েছে করলা। বাকি এক হাজার ১৪২ একর জমিতে পুঁইশাক, লাউ, ঢেঁড়স, ডাঁটা, চিচিঙ্গা, পানিকচু, চালকুমড়া, মিষ্টিকুমড়া ও বেগুনসহ অন্যান্য সবজি আবাদ হয়েছে। এ উপজেলার উৎপাদিত শসা ও করলা ঢাকা, চট্টগ্রাম, গাজিপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত হয়। ট্রাক বোঝাই করে প্রতিদিন এসব ব্যাপারী বিভিন্ন স্থানে নিয়ে যান।
কথা হলে অরুণ মজুমদার, শ্রীবাস বিশ্বাস, দিপক মজুমদার, বাসু মজুমদার, চন্টু হীরা, দড়িউমাজুড়ি গ্রামের অনিমেশ বাড়ই, মৃণ¥য় বাড়ৈ, রমেশ বসু, পীযূষ বিশ্বাস, সঞ্জয় মজুমদার, বিজয় মণ্ডল ও বিশ্ব বড়ালসহ খড়মখালী গ্রামের চাষিরা বলে, করোনায় শসার বর্তমান বাজার দরে আমরা খুশি। বুধবার আড়তে প্রতিমণ শসার দাম পেয়েছি ৭০০-৭৫০ টাকা। এ দাম থাকলে এ বছরও আমরা শসা চাষে লাভবান হবো।
খড়মখালীর আড়তদার অসীম বিশ্বাস জানান, তার আড়তে সাড়ে ৩০০ মণ শসা বস্তাবন্দী রয়েছে। ট্রাকের অভাবে ব্যাপারীরা চট্টগ্রামে পাঠাতে পারছে না।
ব্যাপারী সেলিম শেখ, শঙ্কর মণ্ডল ও রামপদ মণ্ডল বলেন, বিভিন্ন আড়ত থেকে শসা ও করলা কিনে বিভিন্ন স্থানে পাঠাই। আজো কয়েক শ’ মণ শসা কিনেছি। কিন্তু ট্রাকের অভাবে সেগুলো চট্টগ্রাম পাঠাতে পারছি না। সময় মতো এগুলো পাঠাতে না পারলে পচে যাবে। আর দিনের পর দিন এ ভাবে চলতে থাকলে এর প্রভাব সরাসরি চাষিদের ওপর পড়বে।
চিতলমারী বাজারের ট্রাক এজেন্ট সমর সাহা বলেন, সবজির মৌসুমে এখানে অসংখ্য ট্রাকের প্রয়োজন হয়। বর্তমানে করোনা, গরু বাজারজাতকরণ ও আম পরিবহনের কারণে ট্রাকের ঘাটতি দেখা দিয়েছে। যার প্রভাব পড়ছে এ অঞ্চলে। বেশি টাকা দিয়েও ট্রাক ভাড়া পাওয়া যাচ্ছে না। ট্রাক সঙ্কট সমাধানে ব্যাপারীরা সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
চিতলমারীতে মিলছে না ট্রাক বিপাকে সবজি ব্যাপারীরা
বাগেরহাটের চিতলমারীতে শসার আবাদ যেমন ভালো হয়েছে তেমনি বাজার ও ভালো থাকায় খুশি চাষিরা। অল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় স্থানীয় চাষিরা শসা চাষে ঝুঁকছেন। কিন্তু...



