গাইবান্ধার পলাশবাড়ীতে রংপুর-বগুড়া মহাসড়কে দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি উল্টে গিয়ে সড়কে পড়ে থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনায় চালকসহ আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বদলীজনিত কারণে একটি পরিবার ট্রাকে মালামার নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে মহেশপুর এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষে ফার্নিচারবাহী ট্রাকটি উল্টে যায়। এতে চালকসক অন্তত চারজন আহত হয়েছেন।

পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ মো: ইমরান জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এ ছাড়া উল্টে যাওয়া ট্রাকটি মহাসড়ক থেকে অপসারণের চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর ২টার দিকে মহাসড়কের দু’পাশ দিয়ে ধীর গতিতে যানবাহন চলাচল করছে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা আশা প্রকাশ করে বলেন অল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।