মুন্সীগঞ্জের রামেরগাও গ্রামে বিষাক্ত সাপের ছোবলে মো: সাজ্জাদ হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার রামেরগাও গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সাজ্জাদ একই গ্রামের মো: আনিস মাদবরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জমিতে গরুর জন্য ঘাস কাটার সময় সাজ্জাদ হোসেকে বিষাক্ত সাপ ছোবল দেয়। সাথে সাথে সাজ্জাদ বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনকে জানান। পরে পরিবারের লোকজন তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে সাপের ছোবলের কোনো ভ্যাকসিন না থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিক্যালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাদের কাছে যে ভ্যাকসিনটি ছিল তার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে সাপে কাটা রোগীকে ভ্যাকসিন প্রয়োগ করা সম্ভব হয়নি।