প্রেমিকাকে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন মুন্না হোসাইন (২৬) নামে এক যুবক। শুক্রবার দুপুর ১টার দিকে পুলিশ পাথরঘাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের গোলাপি মঞ্জিল নামে ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, কিছু দিন ধরে মুন্না হোসাইন আকিজ ফুটডসে পাথরঘাটায় বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করেন।
ভাড়া বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধারের পরে খাটের ওপরে দু’টুকরো চিরকুট পায় পুলিশ। স্বপ্না নামের এক মেয়েকে উদ্দেশ্যে করে কাগজে লেখা ছিল, ‘মানুষ মানুষের জন্য মরে না স্বপ্না। তুই গেছিস আমি যাবো বাড়ি। আর কোনো ঝামেলা হবে না।’
অপরটিতে লেখা ছিল ‘স্যার কাগজটা স্বপ্নার কাছে দিয়েন please-০১৯৩১২৮৭১৮৭ মংলা, চাঁদপাই।’
চিরকুটে পাওয়া মোবাইল নম্বরে কথা বলে জানা যায়, ওই নম্বরটি আজিজুল হক নামে এক ব্যক্তির। তার বাড়ি মোংলা সদরে। তিনি চিরকুটে লেখা স্বপ্নার বাবা ।
তিনি জানান, যশোর সদর উপজেলার কসড়া ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে মুন্নার সাথে আমার বিবাহিত মেয়ে (দুই সন্তান) স্বপ্নার প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে মুন্নার সাথে আমার মেয়ে স্বপ্না চলে যায়। পরে মুন্নার সম্পর্কে চাচা শাহিন আমার মেয়েকে বুঝিয়ে আমার বাড়িতে নিয়ে আসে।
তিনি আরো বলেন, আমার মেয়ের জামাতা তিন বছর ধরে মালয়শিয়ায় থাকেন।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল বাশার জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে বরগুনায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। চিরকুট দু’টি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। চিরকুট থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের কারণে আত্মহত্যা হতে পারে। তদন্ত করে কারণ উদঘাটন হবে।






