করোনাভাইরাস মহামারীর বিস্তাররোধে শুক্রবার ফের কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে দেশব্যাপী। রাজবাড়ী‌তে এই বিধিনিষেধ লঙ্ঘন করে একই এলাকার দুই বাড়িতে বি‌য়ের অনুষ্ঠা‌ন করা হয়। এ কার‌ণে দুই বর‌পক্ষ‌কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জ‌রিমানা ক‌রা হয়ে‌ছে।

শুক্রবার সকাল থে‌কে দুপু‌র পর্যন্ত শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ হা‌বিবের নেতৃ‌ত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় থানা পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর বাজার, কেন্দ্রীয় বাস টা‌র্মিনাল, পাবলিক হেলথ মোড়, হাসপাতাল রোড, বড়পুল, ১ নম্বর রেলগেট, রাজবাড়ী বড় বাজার, বড় লক্ষ্মীপুর, ভবানীপুর, মুরগীফার্ম এলাকার নতুন বাজার, ‌মিজানপুর ইউ‌নিয়‌নের বাগমারা বাজার ও চন্দনী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় বড় লক্ষ্মীপুর রমজান আলীর বাড়িতে সরকারি নির্দেশ অমান্য করে বিয়ের অনুষ্ঠানে ২০০ বরযাত্রী‌ ও এলাকার মানু‌ষের খাওয়ার আয়োজন করায় বরপক্ষ‌কে ২০ হাজার টাকা জরিমানা আদায় ক‌রা হ‌য়ে‌ছে।

অপর দিকে দ‌ক্ষিণ ভবানীপুর এলাকায় সাব্বির শেখের বাড়িতেও একইভাবে বিয়ের আয়োজন করায় বরপক্ষ‌কে ১০ হাজার টাকা জরিমানাসহ বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে দেয়া হয়। একইসাথে স্বাস্থ্যবিধি না মানায় অন‍্য দু’টি মামলায় দুই হাজার টাকাসহ সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা ক‌রে অর্থ আদায় জরা হ‌য়ে‌ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: হাবিবুল্লাহ হা‌বিব এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।