বরগুনার তালতলীতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নিশানবাড়িয়া ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর হোসেন একই গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে জহিরুল (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, জাহাঙ্গীর হোসেনের কাছে একই গ্রামের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলমের ভাই জহিরুলের (৪০) জেলে দাদনের পাওনা বাবদ ২০ হাজার টাকা নিয়ে বৃহস্পতিবার বিকেলে মারধরের ঘটনা ঘটে। একই দিন রাতে জাহাঙ্গীরের ঘরের পেছনে টয়লেটের পাশে গলায় প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জাহাঙ্গীরের লাশ ফেলে রাখে দুর্বৃত্তরা। সকালে পরিবারের লোকজন লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
তালতলী থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, লাশের গলায় প্লাস্টিকের রশি দিয়ে ফাঁস দেয়া ছিল, গলায় আঘাতের চিহ্ন রয়েছে। জড়িত সন্দেহে জহিরুলকে (৪০) গ্রেফতার করা হয়েছে।