গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে অর্ধশত চারাগাছ ভেঙে ও উপড়ে ফেলেছে প্রতিপক্ষ। শুক্রবার উপজেলার শ্রীফলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গাছের মালিক রাসেল মোল্লা (বাঁধন) বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীফলবাড়ী গ্রামের রাসেল মোল্লা (বাঁধন) একই গ্রামের পুলিন বৈদ্যের কাছ থেকে ৩ শতাংশ জমি দলিলের মাধ্যমে কিনে নেন এবং কেনা জায়গায় অর্ধশত বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। কিন্তু পুলিন বৈদ্যের ভাই সুশীল বৈদ্য জমিটি রাসেল মোল্লাকে দিতে আপত্তি জানান। এরই জের ধরে ওই জমিতে রোপণ করা চারাগাছগুলো ভেঙে ও উপড়ে ফেলে দেন।
কোটালীপাড়া থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।