সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার প্রান্ত থেকে নৌরুটে যাত্রী ও যানবাহন আসছে শিমুলিয়া প্রান্তে। তবে ফেরি থেকে নেমেই তারা বিভিন্ন ভাবে চলে যাচ্ছে গন্তব্যে।

রোববার সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ফেরি গুলোতে শত শত যাত্রী ও প্রাইভেট কারের ভিড়
দেখা গেছে। তবে বাংলাবাজার ঘাট হতে আসা ঢাকামুখী যাত্রীর চাপ বেশি।

বিভিন্ন প্রয়োজনেই মানুষ শত কষ্ট করে মাওয়া ঘাট হয়ে দক্ষিনাঞ্চল ও ঢাকার কর্মস্থলে যাচ্ছেন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, আমাদের শিমুলিয়া প্রান্তে যাত্রী কিংবা যানবাহনের তেমন চাপ নেই। তবে বাংলাবাজার থেকে আসা ফেরিগুলোতে যাত্রী ও ছোট বড় যানবাহন রয়েছে চোখে পরার মতো।

তিনি বলেন, ফেরি থেকে নেমেই রাজধানীমুখী যাত্রীরা বিভিন্ন মাধ্যমে গন্তব্যে চলে যাচ্ছেন। ফলে অল্প সময়ের মধ্যেই শিমুলিয়া ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। বর্তমানে আটটি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।