করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে কঠোর লকডাউন। লকডাউনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক এবং জরুরি যানবাহন নদী পারাপার করার জন্য স্বল্প পরিসরে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে ঢাকামুখি ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রী, প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল অতি সহজে ফেরি পারাপার হচ্ছে প্রতিদিনই।
চলমান লকডাউনের চতুর্থ দিন সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করে যাত্রীজট লক্ষ করা গেছে। সে সময় দেখা যায় যাত্রীরা মুখে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় না রেখে গাদাগাদি করে ফেরিতে উঠার চেষ্টা করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন জানিয়েছেন, জরুরি যানবাহন নদী পারাপার স্বাভাবিক রাখতে মাত্র ছয়টি ফেরি এ রুটে চলাচল করানো হচ্ছে। আর এই সুযোগে অনেক যাত্রী ও মোটরসাইকেল ফেরিতে উঠে যাচ্ছে।
তিনি বলেন, যাত্রীদের ফেরিতে উঠা বন্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। যাত্রী পারাপার বন্ধ করতে হলে ঘাট ইজারাদারের টিকিট বিক্রি বন্ধ রাখতে হবে। কারণ যাত্রীর টিকিট দিয়ে থাকেন ঘাট ইজারাদার। আর এটা ঠেকাতে সিভিল প্রশাসনকে কার্যকরি ভূমিকা নিতে হবে।






