শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার বালার বাজারে ভয়াবহ আগুনে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

মঙ্গলবার ভোরে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানান শরীয়তপুর ফায়ারসার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সেলিম মিয়া।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভোর ৩টার দিকে বাজার পাহাড়াদাররা হঠাৎ বাজারের খোকন মজুমদারের চায়ের দোকানে আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়। তাদের চিৎকারে লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

খবর পেয়ে ডামুড্যা ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের দু’ইউনিট প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই আগুনে মামুন ও খাজ মোহাম্মদ বেপারীর দোকান, আদু মোল্লার ইলেক্ট্রনিক দোকান, সিরাজ গাইন ও আমানুল্লাহর ফার্মেসি, খাজ মো: সেলিম মোল্যা ও নূরে আলম বালার কাপরের দোকান, জাকির কিদার ও আলমাছ মুন্সির কসমেটিক্স দোকান, গোপাল জুয়েলারি দোকা সুরেশ টেইলার্স নওয়াব হাওলাদারের চায়ের দোকানসহ আরো চারটি ফলের দোকানের মালামালসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

শরীয়তপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো: সেলিম মিয়া বলেন, ডামুড্যা ও শরীয়তপুর সদর দু’টি ইউনিট প্রায় দু’ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ১৮টি ব্যবসা প্রতিষ্ঠারের মামলামালসহ পুড়ে গেছে। আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বিদ্যুতের সট-সার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।