উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ফের একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। বাতাসের চাপ আগের চেয়ে বেড়েছে। সাগর ও নদীর পানি তিন থেকে চার ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়েছে। তাই পায়রা বন্দরকে স্থানীয় তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। একইসাথে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে বুধবার পর্যন্ত এক সপ্তাহ ধরে উপকূলীয় এলাকায় থেমে থেমে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত পটুয়াখালীতে ২৫১.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত ২০০৬ সাল থেকে এ পর্যন্ত সর্বোচ্চ বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলীয় জেলার নিচু এলাকায় বসবাসরত বেশিরভাগ ঘরবাড়ি, মাছের ঘের ও পুকুর।