গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে রো রো ফেরি খান জাহান আলীতে হঠাৎ আগুন লেগেছে। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে আগুনে যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঘাট থেকে ফেরিটি লোড করে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এ সময় প্রচণ্ড বাতাসের ধাক্কায় ফেরিটি সামনের দিকে আগাতে পারছিল না। এতে চালক ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দিলে হঠাৎ ইঞ্জিনের সাইলেন্সার পাইপ দিয়ে আগুন বের হতে থাকে। এ সময় আগুনের ফুলকি চারদিকে ছড়িয়ে পড়তে থাকলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

ফেরি খান জাহান আলীর মাস্টার মো: ইলিয়াস হোসেন বলেন, সকালে পন্টুনের আপ পকেট থেকে ফেরি লোড হয়ে ছেড়ে দেয়ার সময় ফেরির ইঞ্জিন চালু করার সাথে সাথে বিকট শব্দে সাইলেন্সার পাইপে জমে থাকা কার্বনে আগুন লেগে যায়। আমরা আমাদের নিজস্ব মটর পাম্প দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। তাতে আগুনের তীব্রতা কমে আসে। পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়। তিনি জানান, আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো: মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফেরির ইঞ্জিনের সাইলেন্সার পাইপে জমে থাকা কার্বন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।