গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে রো রো ফেরি খান জাহান আলীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে
স্থানীয়রা জানান, বুধবার সকালে ৭ নম্বর ঘাট থেকে ফেরিটি লোড নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে দেয়। এ সময় প্রচণ্ড বাতাসের ধাক্কায় ফেরিটি সামনের দিকে যেতে পারছিল না। এতে করে চালক ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দিলে হঠাৎ করে ইঞ্জিনের সাইলেন্সার পাইপ দিয়ে আগুন বের হতে থাকে। এ সময় আগুনের ফুলকি চার দিকে ছড়িয়ে পড়তে থাকলে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। যাত্রীরা ভয়ে চিৎকার শুরু করে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
আগুনে যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ফেরি কর্তৃপক্ষ।



