গাজীপুর সিটিতে এডিস মশা নিধনে চিরুনি অভিযান শুরু হয়েছে। শনিবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে মশক নিধন কর্মসূচি উদ্বোধনের মধ্য দিয়ে এ চিরুনি অভিযান শুরু করেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, গাজীপুর সিটিতে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে পোল্যান্ড থেকে ৩০০টন ওষুধ আমদানি করা হয়েছে। ৩০০টি ফগার মেশিনের মাধ্যমে ৫৭টি ওয়ার্ডের প্রতিটি পাড়া মহল্লায় এ ওষুধ ছিটানো হবে।
এ কার্যক্রম উদ্বোধনকালে মেয়র আরো বলেন, কোনোভাবেই যেন ডেঙ্গু মশা আমাদের মানুষের ক্ষতি করতে না পারে সেজন্য এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে ৫৭টি ওয়ার্ডের ৭৬জন কাউন্সিলরের কাছে এ ওষুধ পৌঁছে দেয়া হবে। সকলের সহযোগিতায় গাজীপুর সিটিকে ‘ডেঙ্গু জিরো’ করা হবে।
মেয়র বলেন, বাড়ির আশেপাশে কোনো পাত্রে বা টপে, বিল্ডিং’র ছাদে কিংবা কোনো স্থানে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়ে ডেঙ্গু রোগের যেন বিস্তার না হয়, সেজন্য সকল নাগরিককে সচেতন থাকতে হবে।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের সকল জনপ্রতিনিধি (কাউন্সিলর), কর্মকর্তা, কর্মচারীকে তিনি এ মশক নিধনে একযোগে কাজ করার আহবান জানান।
গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী বাজার থেকে জয়দেবপুর এলাকা পর্যন্ত ফগার মেশিনের মাধ্যমে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে মশক নিধনে ওষুধ ছিটানোর সময় মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম নেতৃত্ব দেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো: সোহরাব হোসেন, বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর হাজী মনিরুজ্জামান, কাউন্সিলর মো: রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মাওলানা মঞ্জুর হোসেন প্রমুখ।




