মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের হাজী শরীয়াতুল্লাহ সেতুর টোল প্লাজায় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে টোল প্লাজার তিন স্টাফসহ ছয়জন নিহত এবং দু’জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করে প্রশাসন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার বরগুনা থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ন-১৫৬৭৮৭) বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের মালামাল বোঝাই করে কয়েকজন শ্রমিক নিয়ে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে কয়েকজন যাত্রী উঠায় ট্রাকটি। রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের(এক্সপ্রেসওয়ে) শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোল প্লাজায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙ্গে উল্টে নিচের সংযোগ সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের দু’জন নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর, পাঁচ্চর রয়েল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
পরে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে নেওয়ার পরে টোল প্লাজার স্টাফ নির্মল মন্ডল (২৮), মাইনুল ইসলাস সোহান (২৫) ও পুলক (২২) এর মৃত্যু হয়। এর মধ্যে সোহান ও পুলকের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় বলে টোল প্লাজার স্টাফ আনিস জানান।
দুর্ঘটনায় ট্রাকে থাকা শ্রমিক ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে মিরাজ (৩০), চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আরিফ (২৫) ও পিরোজপুরের ভান্ডারীয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী (৩৫) মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে টোল প্লাজার স্টাফ আনিস জানান, ট্রাকটি আমাদের টোল প্লাজার যে স্টাফরা কাজ করে তাদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। ট্রাকে পিষ্ঠ হয়ে আমাদের তিনজন স্টাফ নির্মল, সোহান, পুলক ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে মারা গেছে।
প্রত্যক্ষদর্শী মোঃ মেহেদী হাসান বলেন, 'আমি বাইক চালিয়ে সূর্যনগর যাচ্ছিলাম। হঠাৎ দেখি ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে টোলপ্লাজার কাছে এসে রেলিং ভেঙ্গে নিচের সংযোগ সড়কের উপর পরে গেলো। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের সেন্টারিংয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর উপরে ৮/১০ জন সাধারণ যাত্রীও বসেছিল। ঘটনাস্থলেই দু’জন মারা যান। দ্রুত আমরা আহতদের উদ্ধারের চেষ্টা করি তখন। দুর্ঘটনায় পরে আরো চারজনের মৃত্যু হয়েছে।'
তিনি আরো বলেন,'ট্রাকটি মালামাল নেয়ার সাথে ঢাকাগামী কিছু যাত্রীদেরও নিয়ে যাচ্ছিল। টোলের কাছে এসে সম্ভবত ব্রেক কষলে কাত হয়ে উল্টে যায় ট্রাকটি।'
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, 'ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার কর্মরতদের উপর দিয়ে উঠিয়ে দিয়েছে। এতে টোল প্লাজার তিন স্টাফসহ ছয়জন মারা যায়। এ বিষয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'



