হাজীগঞ্জে ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচাকে আটক করার পর ৯৯-এ ফোন দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার দুপরে উপজেলার ৬ নম্বর বড়কূল পূর্ব ইউনিয়নের মোল্লাডহর গ্রামে এ ঘটনা ঘটে।

মোল্লাডহর নোয়াবাড়ির আব্দুস সোবাহানের ছেলে দুই সন্তানের জনক আ: রশিদ (৩৫) পাশ্ববর্তী চাচাতো ভাই মীর হোসেনের ১৪ বছরের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন করেন বলে অভিযোগ উঠে।

ভুক্তভোগীর মা জানান, আমাদের নতুন বাড়ির চারপাশে বর্ষার পানি। শনিবার দুপুরের দিকে ঘরে আমার কিশোরী মেয়েকে রেখে নৌকা যোগে গ্রামের দোকানে বাজার করতে যাই। এ সুযোগে আমার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করেন দেবর রশিদ। আমি ঘরে ফিরে মেয়ের দিকে তাকালে সে আমাকে জড়িয়ে হাউমাউ করে কান্না করে উঠে সকল ঘটনা খুলে বলে। পরে তার বাবাকে খবর দিয়ে আমরা গ্রামবাসীকে জানাই।

স্থানীয়রা বলেন, আমরা শুনে ঘটনাস্থলে যাই এবং ধর্ষককে আটকে রাখি। তবে আমরা যাওয়ার আগে মেয়েটির বাবা ৯৯৯-এ ফোন করে জানালে পুলিশ রাত ৯টার দিকে এলে আমরা ধর্ষককে তাদের হাতে তুলে দেই।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন বলেন, ট্রিপল নাইনের কলের পর ঘটনাস্থলে এসে সত্যতা পাই। পরে ধর্ষকসহ ভিকটিমকে রাত সাড়ে ১০টার দিকে থানায় নিয়ে আসি।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হারুনুর রশিদ জানান, ঘটনার সত্যতা পেয়েছি। আসামিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।