রংপুরের কাউনিয়ায় ভাতিজির বিয়ে ভেঙ্গে দেয়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলার শিকার রেজাউল ইসলাম মারা গেছেন। বুধবার বিকেলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

কাউনিয়ায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রহমান বলেন, উপজেলার হরিচরন লস্কর গ্রামের রফিকুল ইসলামের মেয়ের (২০) বিয়ে বাল্য বিয়ের অজুহাতে ভেঙ্গে দেয় একই গ্রামের সিদ্দিক আলীর ছেলে আরিফুল ইসলাম। এর প্রতিবাদ করে রফিকুল ইসলাম। এরই জেরে গত ২৮ জুলাই সকালে আরিফুল, আনোয়ার হোসেন সিদ্দিক আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রফিকুল এবং তার বোন রাজিয়া বেগমের ওপর হামলা চালায়। এ সময় রাজিয়ার ছেলে রেজাউল করিম (২৭) তাদেরকে বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউলের ওপর হামলা চালায় তারা। তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখান থেকে স্থানীয়রা প্রথমে তাকে কাউনিয়া হাসপাতাল এবং পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রেজাউল মারা যান।

ওসি জানান, এ ঘটনায় রেজাউল করিমের মা রাজিয়া বেগম গত ২ আগস্ট মামলা করেন। আমরা আসাদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছি। বাকিদের গ্রেফতার অভিযান চলছে।