গাইবান্ধায় আম কিনতে গিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে প্রতিপক্ষের হামলায় মঞ্জুরুল হাসান (৩৮) নামের এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে জেলা বিএনপি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শহরের পশ্চিম পাড়ার মাহাবুবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেটের পাশের রাস্তায় ডেভিড কোম্পানি পাড়া নিবাসী শরীফের দোকানে আম কিনতে যায়। এ সময় শরীফের সাথে বাকবিতণ্ডা হয় লিখনের। পরে লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সাথে আবারো বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। পরে রাতে লিখন জেলা বিএনপি অফিসের সামনে গেলে শরীফসহ আরো কয়েকজন মিলে লিখনকে মারধর করে। এতে গুরুতর আহত হয় লিখন। সেখান থেকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, নিহত লিখনের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

এমবি