করোনা ভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে বৌভাতের আয়োজন করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বৌভাতের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন আদালত।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে বালিয়াকান্দির সদর ইউনিয়নের যদুরমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা।
বরের নাম সুকান্ত চন্দ্র রায় (৩০)। তিনি বালিয়াকান্দি উপজেলার সদরের যদুরমোড়ের গোপাল রায়ের ছেলে।
পুলিশ জানিয়েছে, বুধবার রাজবাড়ী সদরের পাচুরিয়াতে বিধিনিষেধ অমান্য করে বিয়ে করেন সুকান্ত। শুক্রবার তার বাড়িতে ছিল বৌভাতের আয়োজন। এই আয়োজনকে ঘিরে কয়েক শ’ আমন্ত্রিত অতিথি উপস্থিত হন বরের বাড়িতে- এমনটাই অভিযোগ করেন স্থানীয়রা।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আম্বিয়া সুলতানা বলেন, স্থানীয়দের মাধ্যমে অভিযোগ পাই যে বিধিনিষেধ উপেক্ষা করে জাঁকজমকভাবে বৌভাতের আয়োজন করেছে সুকান্ত নামের এক ব্যক্তি। তাৎক্ষণিকভাবে বরের বাড়িতে গেলে অভিযোগের সত্যতা মেলে। পরে বরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনায় সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ। থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো: ইলিয়াস হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য এ সময় উপস্থিত ছিলেন।



