সীতাকুণ্ডে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ফৌজদার হাট বায়েজিদ লিংক রোড়ে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ কাজল (৪৫)। পুলিশ শনিবার সকালে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কাজল সম্প্রতি ফৌজদার হাট বায়েজিদ লিংক রোড়ে কোরবানীর গরুবাহী গাড়ির চালক আবদুর রহমান হত্যা মামলার অন্যতম আসামি। তবে এ ব্যাপারে র‌্যাবের কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন,শুক্রবার রাত দেড়টার দিকে র‌্যাব-৭ এর পক্ষ থেকে জানানো হয় যে, বায়েজিদ লিংক রোড়ে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে সোর্স মারফত এমন একটি খবর পেয়ে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এসময় ডাকাতরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে পড়ে। তখন ডাকাতেরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে কাজলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি এলজি, দুটি গুলি, ১৫টি কার্তুজ, একটি কার্তুজের খোসা, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে। তবে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা করলে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোর রাত ৪টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক সড়কটির ৪ নম্বর সেতু এলাকায় চট্টগ্রাম নগরের বিবিরহাটগামী গরুবাহী ট্রাক থেকে কোরবানির গরু লুট করতে না পেরে ট্রাকের চালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করে ডাকাতেরা। ঘটনার পর নিহত ব্যক্তির এক আত্মীয় সীতাকুণ্ড থানায় যে হত্যা মামলা দায়ের করেন সেখানে কাজল এ মামলার অন্যতম আসামি। র‌্যাব এ এপর্যন্ত চার আসামিকে গ্রেফতার করেছে। আদালতে দেয়া চার আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে আসে ট্রাকচালরীধয়ক আবদুর রহমানকে গুলি করে হত্যা করেন কাজল।