রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে শনিবার সকালে এক গৃহবধূকে এক মিনিটের ব্যবধানে দু’টি টিকা প্রদানের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির সদস্যরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ফারুক হোসেন, মেডিক্যাল অফিসার ডা: অরুন্থিয়া সোমা সাহা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান।
তদন্ত কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে ইসমত আরা (৩১) নামে এক গৃহবধূকে এক মিনিটের ব্যবধানে দু’টি করোনার টিকা দেয়া হয়। ওই গৃহবধূ উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া গ্রামের বাসিন্ধা জেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য নাহিদুল হক স্বপনের স্ত্রী।
নাহিদুল হক স্বপন অভিযোগ করে বলেন, পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা কেন্দ্রে আমার স্ত্রী ইসমত আরা করোনার টিকা নিতে গেলে একটি টিকা নেয়ার পর টিকা দেয়ার স্থান ধরে বসে রয়েছেন। এমন সময় এক মিনিটের ব্যবধানে আরেকটি হাতে কোনো কিছু বুঝে ওঠার আগেই টিকা দেয়া হয়। এতে আমার স্ত্রী আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে এখনো সুস্থ আছেন তিনি।
তিনি বলেন, সিভিল সার্জনসহ কর্তৃপক্ষকে জানিয়েছি, তারা তদারকিকে রাখবে বলে জানিয়েছেন। এ কারণে আমার স্ত্রীকে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে রাখা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাফিন জব্বার বলেন, ভুলবসত এক গৃহবধূকে দু’টি টিকা প্রদানের ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বাস্থ্যগত খোঁজ খবর রাখা হচ্ছে। এখনপর্যন্ত ওই গৃহবধূ ভালো আছেন। একটির স্থানে দু’টি টিকা দিলে খুব বেশি অসুবিধা হবার কথা না। তারপরও নজরদারিতে আছে। ভিড় বেশি হওয়াতে এটা হয়েছে। সমস্যা হলে টিকা প্রদানের এক ঘণ্টার মধ্যে হয়। এখন পর্যন্ত এক ঘণ্টার বেশি সময় অতিবাহিত হয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না। তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, এ বিষয়য়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: ফারুক হোসেন, মেডিক্যাল অফিসার ডা: অরুন্থিয়া সোমা সাহা ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামানের তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন।






