কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের মেহের বক্সের বাড়ির আব্দুস সালামের ছেলে এনামুল হকের দু’টি কিডনিই বিকল। সে দেবিদ্বার সরকারি কলেজ থেকে ২০১৪ সালে কৃতিত্বের সাথে এইচএসসি পাস করে এখন মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজে অনার্স শেষ বর্ষের ছাত্র। তার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি নিয়ে পরিবারের পাশে দাঁড়াবেন। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে ডাক্তারের কাছে নেয়া হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর জানা গেল তার দুটো কিডনিই বিকল। ডাক্তারের পরামর্শে তাকে সপ্তাহে তিনবার কিডনি ডায়ালাইসিস করতে হয়। দুই ব্যাগ রক্ত ও ওষুধ খরচ বাবদ অনেক খরচ লাগে। বর্তমানে বন্ধুর বাসায় থেকে বারডেম ও ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছে সে। তার দরিদ্র বাবার পক্ষে বিপুল অঙ্কের চিকিৎসা ব্যয় চালানো সম্ভব নয়। ডাক্তার বলেছে এনামুল হককে বাঁচাতে কিডনি ট্রান্সপ্লান্ট করা খুব জরুরি। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার প্রয়োজন। যদি কেউ এই পরিবারটিকে সাহায্য করতে চান তাহলে তার বিকাশ (০১৮৩-৭১৬২৬৩০) নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন।
অসুস্থ শিক্ষার্থী এনামুল হক বলেন, প্রিয় দেশবাসী আমার বাবা গরিব কৃষক। আমার পরিবারের আর কোনো আয়ের উৎস নেই। আমার দু’টি কিডনি বিকল। ডাক্তার বলেছেন খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট না করলে আমি বাঁচব না। আপনারা আমাকে বাঁচতে সহযোগিতা করুন। আমি আপনাদের সাথে আরো কিছু দিন এই সুন্দর পৃথিবীতে নিঃশ্বাস নিতে চাই।