নোয়াখালীর সোনাইমুড়ীতে বালিশ চাপা দিয়ে শিশু সন্তানকে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সৎ মা নুপুরকে (২২) আসামি করে নিহত শিশুর বাবা ওমর ফারুক সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা করেন। পরে একই দিন ওই মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।

তার আগে গত শনিবার রাতে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে রোববার পুলিশ লাশটি উদ্ধার করে হত্যার অভিযোগে সৎ মাকে গ্রেফতার করে।

নিহত শিশুর মা নুরনাহার অভিযোগ করেন, বিগত ২০১৩ সালে পারিবারিক ভাবে তাকে বিয়ে করেন উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের জাফর মিয়ার ছেলে ওমর ফারুক। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে একটি সন্তানের জন্ম হয়। তার নাম আব্দুল্লাহ আল নাফিজ (৮)। শিশুটি শাহানাপাড়ার একটি এতিম খানায় পড়া লেখা করতেন। এরই মাঝে বাবা ওমর ফারুকের সাথে একই গ্রামের নুপুর নামে এক মেয়ের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক হলে একপর্যায় সে ওই মেয়েকে বিয়ে করে। পরে তার প্রথম স্ত্রী সামছুন নাহারকে ২০১৯ সালে তালাক দেন। পরে বাবার অনুপস্থিতে তার সৎ মা শনিবার দিবাগত রাত ৯টার দিকে শিশু নাফিজকে বালিশচাপা দিয়ে হত্যা করে কাঁথা দিয়ে লাশ মুড়িয়ে খাটের ওপর লাশ শুইয়ে রাখে। পরে তার বাবা বাড়িতে এসে তার সন্তানকে চার দিকে খোঁজাখুঁজি করে সৎ মাকে ঘর থেকে ডেকে আনে। একপর্যায়ে খাটের ওপর কাঁথা উঁচু করে মুড়ানো দেখে কাঁথা সরিয়ে দেখে শিশুটির লাশ। তার নাকের পাশ দিয়ে রক্ত ও আঘাতের চিহ্ন ছিল বলে জানান স্থানীয়রা। পরে খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে সৎ মা নুপুরকে আটক করে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান ময়নাতদন্তের রিপোর্ট এলে ঘটনার রহস্য উদঘাটিত হবে।