নোয়াখালীর চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের মাইজের বাড়িতে মধ্যরাতে ঘরে ঢুকে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। এ হামলায় গুরুতর আহত হয়েছেন ওই বাড়ির বদিউজ্জামানের ছেলে হুমায়ন কবির (৪৮) ও হুমায়নের স্ত্রী শেফালী বেগম (৩৫)। আহত দু’জনকে স্থানীরা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে শেপালীর অবস্থা আশঙ্কাজনক।
আহত হুমায়ন কবির জানান, গত শনিবার ভোর ৪টায় কেউ একজন বাইরে থেকে দরজা খোলার জন্য বলে। এ সময় তারা দরজা না খোলায় মুখোশধারীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে। মুখোশধারীদের মধ্যে চারজন তাদের শয়ন কক্ষে ঢুকে খাটের ওপর উঠে তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
চাটখিল থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনা জানার পরে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে।