ময়মনসিংহের গৌরীপুরে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা লুট করে নিয়েছে দুবৃর্ত্তরা। রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম মইনুল হাসান পলাশ (৩০)। তিনি চরশ্রীরামপুরের মৃত আবুল কাসেমের ছেলে।

নিহতের চাচাতো ভাই এ এফ এম জাহিদ হাসান বাবু বলেন, পলাশ চরশ্রীরামপুর মোড়ের বাজারে মোবাইল, ফ্লেক্সিলোড, নগদ ও বিকাশের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে ৪ থেকে ৫ লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। সাথে কয়েকটি মোবাইল ফোনও ছিল। বাড়ি ফেরার পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে দুর্বৃত্তরা পলাশকে ছুরিকাঘাত করে টাকা নিয়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থলেই পলাশের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল জানান, আগে থেকেই একদল দুর্বৃত্ত তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, আমরা খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে আছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ছেলের শোকে পাথর হয়ে গেছেন মা সায়েদা বেগম। স্বামীর জন্য আর্তনাদ করছেন নিহতের স্ত্রী লিমা আক্তার। নিহত পলাশের সাদিয়া নুর সাবা নামে পাঁচমাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সতত্যা নিশ্চিত করে বলেন, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে। হত্যকারীদের শনাক্তকরণ ও ঘটনার তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।