নীলফামারীর সৈয়দপুরে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের নতুন বাবু পাড়া সানাউল্লাহ সড়কে পড়ে থাকা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রিকশাচালকের নাম দুলাল মন্ডল (৪২)। তিনি সৈয়দপুরের পাশ্বর্বতী দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ডাঙ্গারহাট চকমানিকপাড়ার মকবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল মন্ডল প্রতিদিন সন্ধ্যায় রিকশা নিয়ে বের হয়ে সারা রাত শহরে ভাড়া চালিয়ে সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বাড়ি ফেরে। রোববার রাতেও তিনি সৈয়দপুর শহরে রিকশা নিয়ে আসে। সকালে তার লাশ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, সকালে মহল্লায় রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তার পাশেই একটি রিকশা রাখা ছিল। যাতে রক্ত লেগে আছে। এইদিকে লাশের ডান হাতে একটি ছুরি এবং বাম হাতে মোবাইল ও রিকশঅর লাইসেন্স কাগজপত্রসহ টাকা পড়ে ছিল। লাশের গলায় ডান পাশে ছুরির গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, কোনো পেশাদার খুনি সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালিয়েছে।

পরিবারের লোকজন জানায়, দুলালের সাথে কারো কোনো টাকা পয়সা বা সম্পদ নিয়ে কোনো দন্দ্ব নেই। আমরা আমার ভাইয়ের হত্যাকারীর অবিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তি দেখতে চাই।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল হাসনাত খান জানান, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। তবে কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। তদন্ত চলছে, অচিরেই এর রহস্য উন্মোচনসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে।