ঢাকার আশুলিয়ায় নরসিংহপুর এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিরাজুল ইসলাম নামে (৪২) ব্যাটারিচালিত এক রিকশাচালক নিহত হয়েছেন।

এ ঘটনায় ট্রাকচালক বিল্লাল হোসেনকে (২৫) আটক করেছে পুলিশ। এ সময় ট্রাকটি জব্দ করা হয়েছে।

সোমবার সকাল সারে ৮টার দিকে নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ থানার খিলকাটি এলাকার আলম মন্ডলের ছেলে। সে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকার হাকির ভাড়া বাড়িতে থেকে ব্যাটারিচালিত রিকশা চালাত।

আটক ট্রাকচালক যশোরের বাঘারপাড়া থানার পান্তাপাড়া এলাকার শরিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যাটারিচালিত রিকশা নিয়ে নরসিংপুরে যাচ্ছিল সিরাজুল। পথে নরসিংহপুর-কাশিমপুর আঞ্চলিক সড়কের বাংলাবাজার এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৪-৬৫৭৯-১৪৬৫৭৯) ব্যাটারিচালিত রিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মারা যায়। পরে স্থানীয়রা কাভার্ডভ্যানচালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং কাভার্ডভ্যানচালক আটক করে।

আশুলিয়া থানার এস আই মো: ইকবাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে তারা আসলেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।