ময়মনসিংহের ভালুকায় ধোপাজান নামে একটি সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে আর্টি ডাইং মিলের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ বন্ধ করে দেন।
ধোপাজান খালটি উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর হয়ে কাঁঠালি গ্রাম দিয়ে ভালুকা খীরু নদীতে প্রবাহিত হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে ভ্যাকো দিয়ে মাটি কেটে আরসিসি ডালাই করে ধোপাজান খালটি আর্টি ডাইং মিলের জবরদখলে নিয়ে পানি নিষ্কাশনের রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু করেন। গভীরভাবে মাটি খননের কারণে খালের পাশে অবস্থিত শিরিনা আক্তারের বসতঘরটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
শিরিনা আক্তারের বৃদ্ধ বাবা আবদুল মান্নান পাঠান বলেন, এই ধোপাজান খাল ও আমাদের জমিজমা নিয়ে আর্টি ডাইং মিলের সাথে দীর্ঘ দিন ধরে মামলা-মোকাদ্দমা চলে আসছে। গত মাসে এই খাল ও জমিজমা নিয়ে মারামারী হলে মিল মালিকের ছেলে একটি মামলা করেন। ওই মামলায় আমার মেয়ে শিরিনা, মেয়ের জামাতা ও ছেলেরা জেলহাজতে রয়েছেন। এ সুযোগে মিলের লোকজন আমাদের জমিসহ সরকারি খালটি বন্ধ করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করছেন। গত ১৪ জুলাই ফ্যাক্টরির লোকজন আমাদের বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
আর্টি কম্পোজিট মিলের অ্যাডমিন ম্যানেজার আল আমিন জানান, খাল দখলের কোনো প্রশ্নই আসে না। সরকারি সার্ভিয়ার দিয়ে পরিমাপ করে সীমানা নির্ধারণের পর নির্মাণকাজ করছি। খালটি রয়েছে ২৬৭ দাগে আর নির্মাণকাজ করছি ২৬৮ দাগে।
ভালুকার সহকারী কমিশনার (ভূমি) মাইনউদ্দিন জানান, যেহেতু সীমানা নির্ধারণ নিয়ে মামলা-মোকদ্দমা চলমান। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে থাকবেন। কেউ কোনো কাজ করতে পারবেন না। মিল কর্তৃক খাল খননের কাজটি বন্ধ করা হয়েছে।
v
ভালুকায় সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর
ময়মনসিংহের ভালুকায় ধোপাজান নামে একটি সরকারি খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে আর্টি ডাইং মিলের বিরুদ্ধে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমবার...



