বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে করোনার টিকা নিতে ২০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলীম উদ্দিনের বিরুদ্ধে।
বগুড়া জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য স্বারকলিপি প্রদান করা হয়েছে।
এ ঘটনায় টিকা গ্রহীতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার ওই ইউনিয়নের রজাকপুর ম্যাচ পাড়া এলাকার মৃত আমু প্রামাণিকের ছেলে মো: ইউনুস আলী বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের কাছে এই অভিযোগ দেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, সারা দেশের মতো বগুড়া জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিনামূল্যে কোভিড-১৯-এর গণটিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু সদরের নুনগোলা ইউনিয়নে টিকা নিতে গিয়ে ২০ টাকা করে দিতে হচ্ছে গ্রামের লোকজনকে। গ্রামের সাধারণ মানুষ যারা টিকা নিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসছেন তাদের কাছে থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলিম উদ্দিন প্রত্যেকের নিকট থেকে ২০ টাকা হারে আদায় করছেন।
বিষয়টি তাৎক্ষনিকভাবে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আর এম ও) ডা: শফিক আমিন কাজলকে জানানো হয়েছে। এছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য সহকারী গোলাম রব্বানীকেও জানানো হয়েছে বলে জানান তিনি।
অভিযোগপত্রে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম উদ্দিন বলেছেন, ২০ টাকা হারে আদায় করা হয়েছে এটা আমিও শুনেছি। যারা টিকার রেজিস্ট্রেশন করেছে সেই উদ্যোক্তারা তাদের কাজের সার্ভিস চার্জ হিসেবেই টাকা নিয়েছে।
জেলা প্রশাসক মো: জিয়াউল হক সাংবাদিকদের বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।






