টিকা শেষ হয়ে যাওয়ায় বরগুনায় আপাতত টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। নতুন করে টিকার বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা: মারিয়া হাসান।
মঙ্গলবার সকাল থেকে বরগুনা সদর হাসপাতাল কেন্দ্রে টিকা শেষ হয়ে যাওয়ায় এ কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়াও সিভিল সার্জন অফিসেও বরাদ্দকৃত টিকার মজুত শেষ হয়ে গেছে।
জানা যায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতাল এবং পরে ধাপে ধাপে পাথরঘাটা ও আমতলীতে টিকা শেষ হয়ে যাওয়ায় টিকা দেয়া বন্ধ হয়ে যায়। জেলায় আরো দু’উপজেলা বামনা ও বেতাগীতেও টিকা শেষ পর্যায়ে।
এদিকে, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বরগুনা জেনালের হাসপাতালে টিকা নিতে এসে টিকা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন টিকা প্রত্যাশীরা। যারা এসেছিলেন তারা সবাই টিকা পাওয়ার ম্যাসেজও পেয়েছিলেন। কিন্তু এসে অপেক্ষার পর টিকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছেন।
টিকা নিতে আসা অনেকের অভিযোগ, টিকা গ্রহণের ম্যাসেজ পেয়ে এসেছিলেন তারা। কিন্তু টিকা নিতে এসে দেখেন টিকা নেই।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: মারিয়া হাসান বলেন, টিকা মজুদ থাকতে থাকতেই আমরা স্বাস্থ্য বিভাগকে অবহিত করেছি এবং তিন দিন আগেই বরগুনায় টিকা আসার কথা ছিল। টিকার বরাদ্দ চেয়ে নতুন করে আবেদন করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরে। টিকা আসার পর বরগুনায় আবার টিকা কার্যক্রম শুরু হবে।
এ পর্যন্ত বরগুনায় এক লাখ ১০ হাজার ৮৬০ ডোজ টিকা দেয়া হয়েছে। এর মধ্যে ভারতের কোল্ডশিল্ডের ৪৭ হাজার ২৬০ ডোজ এবং চীনের সিনোফার্মের ৬৩ হাজার ৪৮০ ডোজ।






