মানিকগঞ্জের সিংগাইরে ইউনিলিভার কোম্পানির মোড়কে বিভিন্ন আইটেমের নকল কসমেটিকস বাজারজাত করার সময় সুমন মিয়া (৩২) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

গ্রেফতারকৃত সুমন টাঙ্গাইল জেলার মধুপুর থানার সোলাপুড়ি গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বুধবার দুপুর ১২টার দিকে থানা চত্বরের গোলঘরে সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোহা: রেজাউল হক স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, একটি চক্র দীর্ঘদিন যাবত ইউনিলিভার কোম্পানির মোড়ক ব্যবহার করে ইন্ডিয়ান জনসন সোপ ও বেবী লোশন, ফেয়ার অ্যান্ড লাভলী স্নো, কুমারিকা ও ডাবর আমলা হেয়ার অয়েল, সেনসোডাইন টুথপেস্ট, ফগ বডি স্প্রে, ভিট ও যৌন উত্তেজক জিনসিনসহ বিভিন্ন প্রকার নকল কসমেটিকস উপজেলার বিভিন্ন দোকানে বিক্রি করে আসছিল। মঙ্গলবার দুপুরে উপজেরার নীলটেক বাজারের সাইমুন স্টোরে ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি পরিচয়ে সুমন ও রাসেল (২৬) নকল কসমেটিকস বিক্রি করতে যায়। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে থানায় খবর দিলে পুলিশ নকল প্রসাধনীসহ সুমনকে গ্রেফতার করলেও রাসেল কৌশলে পালিয়ে যায়।

এএসপি আরো জানান, এ প্রতারক চক্রের সাথে জড়িত অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এ সময় সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম উপস্থিত ছিলেন।