কলারোয়ায় দু’টি ইট চুরির অপবাদে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন চালিয়ে চুল কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। তবে বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, রোববার দু’টি ইট চুরির ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া গ্রামের ভারত প্রবাসী ইব্রাহীম গাজীর স্ত্রীর সাথে একই গ্রামের নেদুকালার পরিবারের সদস্যদের ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে পর দিন সোমবার সকাল ৯টার দিকে চুরির অপবাদে রাশিদাকে তার বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে রশি দিয়ে বেঁধে শারীরিক নির্যাতন চালিয়ে মাথার চুল কেটে দেয়। এ সময় ভুক্তভোগী নারীর শাড়ি খুলে শ্লীলতাহানিও করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রাশিদা ঘটনার সাথে জড়িত নেদুকালাসহ তার সহযোগীদের নামে পুলিশে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলা দায়ের করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।