দিনাজপুরের হিলিতে মহিমা বেগম (৪২) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বোয়ালদাড় গ্রামের মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মহিমা বেগম ওই গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয়রা জানান, মহিমা বেগম একজন মানসিক রোগী। তার স্বামী ও সন্তান ঢাকায় চাকরি করার সুবাদে তিনি একাই বাড়িতে থাকেন। গতকাল বুধবার মহিমা বেগম নিজের ঘরে ঘুমাতে যান। এরপর বৃহস্পতিবার সকালে তিনি আর ঘুম থেকে না ওঠায় দরজায় অনেক ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পাওয়ায় থানা পুলিশকে খবর দেয়া হয়।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঝুলন্ত অবস্থায় মহিমার লাশ উদ্ধার করে।
হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে মহিমা বেগমের ঝুলন্ত লাশ তার নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা সেটি নিশ্চিতের জন্য লাশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।






