নওগাঁর মান্দায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুই দোকান থেকে অন্তত ৬ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দল। বুধবার দিবাগত রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের আয়াপুর বাজারে ডাকাতির এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, আয়াপুর বাজার পাহারার জন্য আবদুল জব্বার ও জহুর আলী নামে দুই ব্যক্তি নিযুক্ত আছেন। তাদের বেঁধে রেখে বাজারের মাহি টেলিকম ও হাজী ক্রপ কেয়ার নামে দুটি দোকানের মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। এ ঘটনায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে সেখানকার ব্যবসায়ীদের মাঝে।

নৈশপ্রহরী আবদুল জব্বার জানান, রাত দেড়টার দিকে বাজারের পশ্চিমপাশে থেকে নৈশপ্রহরী জহুর আলীকে মুখ বেঁধে নদীর ধারে নিয়ে যায় কয়েকজন ডাকাত সদস্য। এ সময় বাজারে বিদ্যুৎ ছিল না। ডাকাতরা পরে তাকেও নদীর পাড়ে নিয়ে একটি গাছের সাথে জহুর আলীকে খুঁটির সাথে বেঁধে রাখে। পরে ডাকাতি সংঘটিত করে। ভোররাতে নদীতে মাছ ধরতে আসা জেলেদের সাহায্যে উদ্ধার পান তারা।

ব্যবসায়ী ফারুক হোসেন জানান, সন্ধ্যার পরে তার মালিকানাধীন কীটনাশকের দোকানঘর তালাবদ্ধ করে তিনি বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে দোকানে আসার পর চুরির বিষয়টি তিনি জানতে পারেন।

তিনি আরো বলেন, কীটনাশক কোম্পানি সিনজেনটার খুচরা বিক্রেতা তিনি। আমন মৌসুমকে সামনে রেখে দোকানে বিপুল পরিমাণ কীটনাশক মজুত করেছিলেন। ডাকাতরা দোকান থেকে ৪০ প্রকারের অন্তত ৫ লাখ টাকার কীটনাশক লুট করে নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।

বাজারের আরেক ব্যবসায়ী আতিকুর রহমান জানান, তার দোকানের তালা ভেঙে নকিয়া ব্র্যান্ডের মোবাইল, টাকা ও মেমোরি কার্ডসহ ৯০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা।

মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান জানান, এ বিষয়ে পুলিশের তদন্ত কাজ শুরু হয়েছে। খুব শিগগিরই লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ জড়িতদের আইনের আওতায় আনা হবে।