চোর সন্দেহে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একজনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। উপজেলার বেরীবাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহানের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাগমা গ্রামে। নিহত শাহজাহান সাগমা গ্রামের জাহেদ কামালের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বেরীবাইদ গ্রামে গৃহবধূ কুলসুম সাংমার বাড়ি থেকে গরু চুরি করার সময় চিৎকার শুরু করে। প্রতিবেশীরা এগিয়ে এলে পিকআপ যোগে আসা সাত থেকে আটজন দুর্বৃত্ত পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী গরু চোর সন্দেহে ওই ব্যক্তিকে গণধোলাই দেয়। এ সময় সন্দেহ জনক চোর ব্যক্তি গুরুতর আহত হলে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
অরণখোলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হুমায়ুন জানান, এ বিষয়ে মধুপুর থানায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন আহমেদ জানান, জনতার গণধোলাইয়ে আহত শাহজাহানকে উদ্ধার করে সকাল মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।






