তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের নামের সাথে মিল রেখে পীরগাছার একটি গ্রামের নাম ‘তাইয়েবপুর’ রেখে ফলক উন্মোচন করেছে গ্রামবাসী। গতকাল দুপুরে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের গোপাল মৌজার ব্যাকাটারী গ্রামের নাম পরিবর্তন করে তাইয়েবপুর হিসেবে নামকরণের ফলক উন্মোচন করেন ওই গ্রামের বাসিন্দা, পীরগাছা মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল হাসান ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কাশেম। এ সময় গ্রামবাসী সরকারি সব কর্মকাণ্ডে নতুন নাম বাস্তবায়নের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
গতকাল দুপুরে দেখা যায়, গ্রামের প্রবেশ পথে কয়েক শতাধিক নারী-পুরুষ ও শিশু গ্রামের নতুন নামকরণের জন্য ব্যানার হাতে দাঁড়িয়ে পড়েন। মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক রফিকুল হাসান, ইউপি সদস্য আবুল কাশেম, হামিদ মিয়া, আমির হামজা, সুফিয়ান, মনোয়ারা বেগম, রেখা বেগম প্রমুখ।
এ সময় উপস্থিত অনেকে বলেন, ব্যাকাটারী নাম নিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। অনেকে কটু কথা বলেন। তাই গ্রামের লোকজন সিদ্ধান্ত নিয়ে মুসলিম বিশে^র অন্যতম নেতা তুরস্কের রাষ্ট্রপতির নামের সাথে মিল রেখে ‘তাইয়েবপুর’ করেন। এখন থেকে এ গ্রামটি ওই নামে পরিচিত হবে।