গাইবান্ধার গোবিন্দগঞ্জ পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। এ ঘটনায় ওই নারী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ওই নারীর মামলার ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতেই সাহারুল ইসলাম নামের পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে।

শুক্রবার গোবিন্দগঞ্জ থানায় ধর্ষণ মামলায় আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সাহারুল ইসলাম উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের হাসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের এক গৃহবধূ অসুস্থ হয়ে ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে চিকিৎসা দেয়ার নামে ওই চিকিৎসক গৃহবধূকে ধর্ষণ করে।

গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, এক গৃহবধূ থানায় ধর্ষণের অভিযোগ করায় পুলিশ পাঠিয়ে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।