নীলফামারীর সৈয়দপুরে গলায় ফাঁস দিয়ে আমেনা বেগম (৫৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর কুঠিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারি জাহের আলীর স্ত্রী আমেনা বেগম প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার শেষে নিজের ঘরে ঘুমাতে যান। শুক্রবার অনেক বেলা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকেন। কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত তার কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে অনেক চেষ্টার পর ঘরের সিলিংয়ের সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

খবর পেয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খানের উপস্থিতিতে উপ-পরিদর্শক (এসআই) আহমেদ উল্লাহ হক প্রধান লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গৃহবধূ আমেনা বেগম আত্মহত্যা করায় তার স্বামী জাহের আলী অসুস্থ হয়ে পড়েন। তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান ওই গৃহবধূর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।