অভিনেত্রী পরীমণি এখন কাশিমপুর কারাগারে বন্দী। দুই দফায় ছয়দিন রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মণ্ডল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার আদালত থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া নিরাপত্তায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের (অতিরিক্ত দায়িত্ব) জেলসুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পরীমণিকে কাশিমপুর কারাগারে আনা হচ্ছে- এমন খবরে গণমাধ্যমকর্মী ও বিপুলসংখ্যক উৎসুক জনতা কারা ফটকে এসে জড়ো হন। অনেকে প্রিজনভ্যানের ভিতরে পরীমণিকে এক নজর দেখার চেষ্টা করেন। তবে তাকে কেউ দেখতে পারেননি। হাতাশ হয়েছেন সবাই।

তাকে বহনকারী প্রিজন ভ্যানটি সন্ধ্যা ৭টার দিকে দ্রুতগতিতে পুলিশের কড়া প্রহরায় প্রধান কারাফটক দিয়ে কারা কমপ্লেক্সের অভ্যন্তরে প্রবেশ করে।

গত ৪ আগস্ট বিকালে পরীমণির বনানীর বাসায় অভিযান চালান র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা। প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে রাত ৮টার দিকে তাকে আটক করে র‌্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করার কথা জানায় র‌্যাব। এ ঘটনায় পর দিন পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে র‌্যাব বাদী হয়ে একটি মামলা করে।