কুমিল্লার দেবিদ্বারে পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। তারা হলো, উপজেলার বড়শালঘর গ্রামের মহসিন মিয়ার ছেলে হৃদয় (৭) এবং অনন্তপুর গ্রামের অলী মিয়ার ছেলে আরিয়ান (৬)।

শুক্রবার বিকেলে উপজেলার বড়শালঘর গ্রামের বাদশা মিয়ার বাগান বাড়ির পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে ঘরে খাবার খেতে না আসায় হৃদয় ও আরিয়ানকে খুঁজতে থাকেন, পরে বিকেল সাড়ে ৩টায় কয়েকজন শিশু বাড়ির পাশের পুকুরে আরিয়ানকে ভাসতে দেখে চিৎকার শুরু করে। এ সময় বাড়ির লোকজন এসে তাদের উদ্ধার করে বিকেল ৫টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের আত্মীয় বাদশা মিয়া জানান, নিহত হৃদয় আমার বড় ভাই দিনমজুর মহসীন মিয়ার ছেলে এবং হৃদয় আমার খালাতো ভাই, তার বাবা পেশায় অটোরিকশাচালক, গ্রামের বাড়ি অনন্তপুর। আরিয়ান আমাদের বাড়িতেই থাকত। ওরা সম্পর্কে মামা-ভাগ্নে। দু’জনকেই বড়শালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীতে ভর্তি করিয়েছিলাম।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান জানান, বড়শালঘর গ্রামের দু’শিশু পানিতে ডুবে মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এসআই মাহাবুবকে পাঠানো হয়েছে। পরিবারের কারো প্রতি কোনো অভিযোগ নেই বলে শুনেছি।