গাজীপুরে যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় এলপিজি গ্যাসবাহী একটি বিকল ট্যাংকার রেল লাইনের ওপর কাত হয়ে পড়ে গেছে।

শুক্রবার রাতে রেলওয়ের ঢাকা-চট্রগ্রাম রুটের গাজীপুর সিটি করপোরেশনের মীরের বাজার রেলক্রসিয়ে এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর থেকে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জিএমপি’র পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, চট্রগ্রামের সীতাকুণ্ড এলাকার জেএমআই ইন্ডাস্ট্রিয়াল কারখানা থেকে এলপিজি গ্যাস ভর্তি একটি ট্যাংকার ঢাকার কামারপাড়ার বাসুলিয়া এলাকার ইসলাম ব্রাদার্স ফিলিং স্টেশনে যাচ্ছিল। পথে মীরেরবাজার রেল ক্রসিংয়ের ওপর ট্যাংকারটি বিকল হয়ে যায়। গাড়িচালক ও হেলপারসহ স্থানীয়রা চেষ্টা করেও রেললাইনের ওপর থেকে ট্যাংকারটি সরাতে পারেনি।

এদিকে ঢাকা থেকে আখাউড়াগামী যাত্রীবাহী তিতাস কমিউটার সন্ধা ৭টার দিকে ওই ক্রসিং পয়েন্টের কাছাকাছি পৌঁছলে গেটম্যান সঙ্কেত দেন। এ সময় চালক ট্রেনটি থামানোর চেষ্টা করলেও ওই ট্যাকারের সাথে ধাক্কা লাগে। এতে ট্যাংকারটি কাত হয়ে রেল লাইনের ওপর পড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ট্যাংকারটির পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পর থেকে ঢাকার সাথে চট্রগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্যাংকারকে সরানো সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে ট্রেনটি আবার ঢাকার দিকে ফিরে গেছে। ট্যাংকারের চালক ও হেলাপার পালিয়ে গেছে। ফায়ার সার্ভিস ও নরসিংদী রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে এ রিপোর্ট লেখার সময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।