সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামরুজ্জামান পলাশকে অবরুদ্ধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। চার ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বুধবার সন্ধ্যা ৭টায় সেনবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে।
সেনবাগ থানার এসআই সাইফুল ইসলাম জানান, প্রবীণ আওয়ামী লীগ নেতা মরহুম আবদুল খালেক চেয়ারম্যান বাড়ির বেলাল হোসেন (৬০) ও একই বাড়ির হাফিজা বেগম বেবীর (৪৬) মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার পথের জায়গা নিয়ে উভয়পক্ষের ব্যক্তিদের সিদ্ধান্তে তিনজন আমিন দিয়ে সীমানা নির্ধারণের কথা ছিল। যথারীতি আমিনরা কাজ শুরু করলে দু’পক্ষের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এ নিয়ে দুপুর পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল। স্থানীয় লোকজন জানান, স্থানীয় মহিলা নেত্রী হাফিজা বেগম বেবী পথের জায়গা সম্প্রসারণ করতে তার ঘনিষ্ঠ বন্ধু ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশের সহযোগিতা চায়। বেলা আড়াইটায় চেয়ারম্যান ক্ষমতার দাপট দেখিয়ে ২৫-৩০ জনের দলবল নিয়ে অতর্কিতভাবে একই বাড়ির মো: বেলাল হোসেনের (৬০) আম, জাম, কাঁঠাল, সুপারিসহ বিভিন্ন প্রজাতির প্রায় ৩০টি গাছ কেটে ফেলে।