নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে শেখ হান্নান (৪২) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শেখ হান্নান উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের শেখ বাড়ির মৃত শেখ আহসান উল্যার ছেলে।
রোববার দুপুর একটার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের নিহতের বাড়ির সামনে থেকে লাশ উদ্ধার করা হয়। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র জানায়, নিহত শেখ হান্নান একজন চা দোকানদার ছিল। শনিবার দিনগত রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। মুঠোফোনে কল করে তাকে পাওয়া যায়নি। এরপর রোববার দুপুর ১২টার দিকে তার মুঠোফোনে কল দিলে বাড়ির সামনে ঝোপের মধ্যে ফোনের রিংটন শোনা যায়। পরে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনে ডোবার মধ্যে তার ভাসমান লাশ দেখতে পাওয়া যায়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।






