রাজবাড়ীর বালিয়াকান্দিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করার পর টিপু সুলতান (৩০) নামে এক শ্রমিকলীগ নেতাকে হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের আওয়ামী লীগ নেতা হাসেম আলী মোল্যার ছেলে। গত শনিবার রাত ৮টায় নারুয়া ইউনিয়ন পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন নারুয়া ইউনিয়ন শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান বলেন, সম্প্রতি নারুয়া গ্রামে দাঁড়িয়ে ও বসে কিয়াম করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ বিরোধের জেরে মসজিদ কমিটির সভাপতির লোকজন সেক্রেটারির ওপর আমার বাড়িতে হামলা চালায়। আমি ঠেকিয়ে দেই। কিন্তু আমার নামে মামলা দায়ের করা হয়। আমি আদালত থেকে জামিন নিয়ে বাড়িতে গেলে প্রতিপক্ষরা হুমকি দিয়ে আসছিল।
বিষয়টি নিয়ে গত ১৭ জুলাই বালিয়াকান্দি থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করি। আমি নির্মাণশ্রমিক হওয়ার কারণে জীবিকার তাগিদে কাজ করতে থাকি। গত শনিবার রাত ৮টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি কাজ শেষে সড়কের ওপর এলে পেছন থেকে কেউ আমাকে দাঁড়াতে বলে। তাদের হাতে রড, হাতুড়ি দেখে দৌড় দিয়ে পরিষদের ভেতরে গেলে পেছন থেকে ধাওয়া দিয়ে রেজাউল, শাহিদুল, আকিদুল, রিয়াজ, মাসুদ, সজিব, মিঠুসহ ১০-১৫ আমার ওপর হামলা করে। হাতুড়ি, রড দিয়ে দু’হাতে, দু’পায়ে, মাথাসহ বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করাসহ হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।