নোয়াখালীর সুবর্ণচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তার (১৫) নামে নবম শ্রেণীর এক স্কুলছাত্রী মারা গেছেন। এ সময় আরো তিনজন আহত হয়েছে।

নিহত রনি আক্তার উপজেলার চরআমান উল্যাহ ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের ১ নম্বর ওয়ার্ডের নুরুল হকের মেয়ে এবং একই এলাকার চরআমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সোমবার বিকেলের দিকে চরআমান উল্যাহ ইউনিয়নে নুরুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, নুরজাহান বেগম (৭০) সোনিয়া আক্তার (১৩) ও তানিয়া আক্তার (৮)।

পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল হক তার পরিবারের লোকজন নিয়ে পুকুর পাড়ে লম্বা একটা কাঁচা তুলা গাছ মাটিতে স্থাপনের জন্য নিচ থেকে উঠাতে গেলে পাশে থাকা বিদ্যুতের তারের সাথে লেগে যায়। তাৎক্ষণিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি আক্তারসহ চারজন আহত হয়। আহতদের দ্রুত চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা রয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক জানান, তারা নিজেরা পারিবারিক কাজ করছিল। অসাবধানতা বসত হঠাৎ বিদ্যুৎ লাইনের সাথে লেগে এ দুর্ঘটনা ঘটে।