গাইবান্ধায় মাদক মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পারভেজ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ধরমপুর গ্রামের শামীম আলমের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১ নভেম্বর জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মিনিবাসে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম হেরোইনসহ পারভেজকে আটক করে র‌্যাব। পরে তার স্বীকারোক্তি মোতাবেক আরো তিনজনকে আটক করা হয়।

ওই মামলায় আদালত রায় ঘোষণা করলে এতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহমেদ প্রিন্স। তিনি বলেন, দেশে সর্বত্র মাদকের ভয়াল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

অপর দিকে আসামিপক্ষের আইনজীবী এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদলতে আপিল করবেন বলে জানান।