গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকার ঘাটাখালি নদীতে ডুবে নিখোঁজ হওয়া শাহিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত যুবক গাইবান্ধা জেলার স্যাদুল্লাপুর থানার পূর্ব দামোদরপুর এলাকার আতাউর রহমানের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সকাল ১১টার দিকে সাভার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪০জন শ্রমিক মিলে নৌকা ভ্রমণে আসেন।
ওইদিন বিকেল পৌনে পাঁচটার দিকে উপজেলা দরবাড়িয়া এলাকায় পৌঁছায় তারা। পরে বন্ধুরা সবাই মিলে নৌকা থামিয়ে কালিয়াকৈর উপজেলার ঘাটাখালী নদীতে সবাই মিলে গোসল করতে নামে। একপর্যায়ে শাহিন নামের ওই যুবক নিখোঁজ হয়। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার দরবাড়িয়া এলাকার ঘাটাখালি নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।






