নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় ৪১ রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত আরো সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন ১৫ জন। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন।
জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম জানান, সন্দীপ কোস্টগার্ড টহল টিম লাশগুলো উদ্ধার করে।
ভাসান চর থানার ওসি মো: রফিকুল ইসলাম বলেন, সাতজনের লাশ উদ্ধার হয়েছে। তবে লাশগুলো এখনো হস্তান্তর করা হয়নি।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ক্লাস্টার থেকে ৪১ জন রোহিঙ্গা নারী ও শিশু ইঞ্জিনচালিত একটি মাছ ধরার ট্রলার যোগে পালিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন। রাত আনুমানিক দেড়টা থেকে ২টার দিকে ভাসানচর থেকে ২০ কিলোমিটার দূরে চট্টগ্রাম ও হাতিয়া উপজেলার মধ্যবর্তী চট্টগ্রামের বঙ্গোপসাগর এলাকায় পৌঁছার পর ঝড় বাতাসের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় নারী পুরুষ ও শিশুদের চিৎকার শুনে আশপাশে মাছ ধরারত জেলেরা নৌকা নিয়ে এগিয়ে এসে ১৪ জনকে জীবিত উদ্ধার করেন। বাকিরা স্রোতের তোড়ে ভেসে যান। উদ্ধার হওয়া আহত রোহিঙ্গাদেরকে নিয়ে জেলেরা শনিবার সকালে ভাসানচর ক্যাম্পে পৌঁছে দেয়।ৃ



